নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন খতিবর রহমান (পিতা: মৃত ঝরু শেখ)। স্থানীয় বণিক সমিতিতে নাইট গার্ডের কাজ করে কোনোভাবে সংসার চালানো এই ব্যক্তি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিনের অসুস্থতায় খতিবর রহমানের একটি পা অস্বাভাবিকভাবে ফুলে যায়। একপর্যায়ে পা ফেটে গিয়ে সেখানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। এতে তীব্র ব্যথা ও যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তার পায়ে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন।
বর্তমানে তিনি নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত রংপুরে নেওয়ার প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হয়ে উঠছে না।

পরিবার সূত্রে জানা যায়, খতিবর রহমানের চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই। ভিটেমাটিতে থাকা একমাত্র ভাঙাচোরা ঘরটিই তার শেষ সম্বল। চিকিৎসার খরচ জোগাড় করতে প্রয়োজনে সেই ঘরটিও বন্ধক দিতে প্রস্তুত তিনি। তবে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
অসুস্থ খতিবর রহমানের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মানবিক সহায়তার মাধ্যমে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
সাহায্য পাঠানোর তথ্য:
নাম: খতিবর রহমান
পেশা: নাইট গার্ড, বণিক সমিতি
ঠিকানা: মাস্টার পাড়া, ভুষিটারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম
বিকাশ (পার্সোনাল): 01797602063






