Site icon হামার কুড়িগ্রাম

জনগণকে দক্ষ জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য: আব্দুল খালেক

উলিপুর প্রতিনিধি


বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, জনগণকে যোগ্য ও দক্ষ জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার কমে আসবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১৮ জনের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

আব্দুল খালেক বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার রয়েছে। যারা অর্থনৈতিক কষ্টে আছেন, তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ শুরু হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাকে সুস্থ রাখলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জ্ঞান ও সঠিক দক্ষতা থাকলে কোনো তরুণ পিছিয়ে থাকবে না। এলাকার প্রতিটি তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাবেক ছাত্রদল নেতা ও পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজুসহ অনেকে।

Exit mobile version