চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মণ্ডলের হাট এলাকার পেমানন্দ দাশের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারে যাচ্ছিলেন নিরাশা। পথে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।






