ডেস্ক নিউজ
গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের নির্মাণকাজের জন্য রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের তিনটি ১৩২ কেভি সঞ্চালন লাইন টানা আট দিনের জন্য শাটডাউন ঘোষণা করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। এ সময় কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পিজিসিবির জারি করা এক জরুরি অফিস আদেশে বলা হয়েছে, ২৯ জুলাই সকাল ৫টা থেকে ৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ থাকবে। এ সময়ে গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (পিজিএনএস) প্রকল্পের আওতায় নির্মাণকাজ পরিচালিত হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, শাটডাউন চলাকালে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিকল্প ৩৩ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করবে। তবে বিকল্প ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী লোড ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে।
নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে সম্পন্ন করতে গ্রাহক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পিজিসিবি।






