Site icon হামার কুড়িগ্রাম

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার করলেন ড. আতিক মুজাহিদ

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সাভারের জিরানীবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

সাভারের জিরানীবাজার— শ্রম, ঘাম আর স্বপ্নে গড়া এক জনপদ। দিনভর কারখানায় কাজ শেষে শতাধিক শ্রমিকের সঙ্গে একই দস্তরখানে বসে ইফতার করেন তিনি। এ সময় শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কর্মপরিবেশ, পরিবার ও জীবনযাত্রার খোঁজখবর নেন।

ইফতার শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “এই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের দেশের অর্থনীতির ভিত গড়ে উঠেছে গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের পরিশ্রমে। তাদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও স্বপ্নকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ যেন তাদের জীবনে বরকত দান করেন এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি নসিব করেন— এ কামনাও ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে তিনি “সবার আগে কুড়িগ্রাম” শ্লোগান উচ্চারণ করে শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Exit mobile version