ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখের আলীর মেয়ে জান্নাত দুপুরে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসী পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক মিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান লাভলু পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






