কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দায়িত্বশীল ও কর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এতে জানানো হয়, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ নির্বাচনের যে দাবি জনগণের মধ্যে তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন সমঝোতার ভিত্তিতে কুড়িগ্রাম-২ (আসন নং–২৬) আসনে এনসিপি (NCP) মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা জানায়, ব্যক্তি নয়—সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার প্রতি আনুগত্যই তাদের মূল শক্তি। তাই কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত সবাইকে নিঃসংকোচে ও সানন্দে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, বিগত বছরগুলোতে আমীরে জামায়াত ও কেন্দ্রীয় সংগঠনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সময়ের ব্যবধানে যৌক্তিক ও কল্যাণকর প্রমাণিত হয়েছে। বর্তমান সিদ্ধান্তও সেই দূরদর্শিতার অংশ হিসেবে বিবেচনা করে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা শাখার পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০১৪ সাল থেকে কুড়িগ্রাম-২ আসনে যে সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন গড়ে তোলা হয়েছে, তা কাজে লাগিয়ে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা হবে।
এছাড়া ২০২৪ সালের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন-পরবর্তী বাংলাদেশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে জাতিকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে কাজে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান এবং বলেন, এই সম্মিলিত প্রচেষ্টাই একটি সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ আগামীর পথ সুগম করবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন—মাওলানা নিজাম উদ্দিন, জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

