Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (২৫) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয়জন প্রার্থীর সব কটি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এই ঘোষণা দেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

এই আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই সরকার।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আইনগত বিষয়াদি যাচাই করা হয়েছে। সবকিছু সঠিক থাকায় ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। মাঠপর্যায়ে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতির তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময় শেষে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।

Exit mobile version