Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় ও জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা

নিউজ ডেস্ক অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একটি মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন মূলত নবগঠিত জেলা কমিটির পরিচিতি প্রদান এবং আগামী কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো: খন্দকার আল ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: তাইজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব রিতুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আহ্বায়ক লোকমান হোসেন লিমন সভায় বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কার্যক্রমকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। কারণ, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ব্যানারে সবাই একত্র হয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল যদি কোনো ভুল করে, আমরা গঠনমূলক সমালোচনা সবার আগে করব। সেইসাথে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামিলীগকে নিজেদের দলে ভেরাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই।কয়েকটা ভোটের জন্য, প্রায় ৯০০ শহিদ ও ২০,০০০ আহতের রক্তের সাথে বেইমানি করিয়েন না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোনো সৈরাচারের জন্ম নিতে দেব না।”

মতবিনিময় সভার শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় তারা দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও সমাজে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Exit mobile version