Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে কমিটি ঘোষণার পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক অনলাইন:

কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণার পরদিন যুগ্ম সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস (যুথি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি লিখিতভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে জান্নাতুল ফেরদৌস উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে তাঁর সম্মতি ছাড়াই তাঁকে যুগ্ম সদস্যসচিব পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত থাকলেও কোনো রাজনৈতিক বা অর্ধরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন বলে পদত্যাগপত্রে জানান।

তিনি আরও উল্লেখ করেন, অনুমতি ছাড়া তাঁর নাম ব্যবহার করার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না বলেও স্পষ্ট করেন। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করলে জান্নাতুল ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাজ করছে। তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না এবং আপাতত রাজনীতিতে জড়ানোর ইচ্ছা নেই। সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, সদ্য ঘোষিত কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরান বলেন, “তাঁর সম্মতিতেই তাঁকে কমিটিতে রাখা হয়েছিল। তবে একটি বাম দলের নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণে এবং তাঁরই প্ররোচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তাঁর অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া।”

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Exit mobile version