নিজস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী-নাগেশ্বরী:
কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) নির্বাচনী এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ব্যাপক বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি দাপ্তরিক চিঠির মাধ্যমে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এসব প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা/কাবাটা) এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নগদ অর্থ, চাল ও গম আকারে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব, বন্যা ও নদীভাঙন কবলিত এলাকার সড়ক সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে।
ভুরুঙ্গামারী উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্প
ভুরুঙ্গামারী উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নগদ অর্থ, চাল ও গম মিলিয়ে চারটি কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
কাবিটা (নগদ অর্থ) কর্মসূচি
এই কর্মসূচির আওতায় মোট ১০ লাখ টাকার ৫টি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে।
জয়মনিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুলকুমার নদীর ওপর কাঠের ব্রিজ নির্মাণ ও এপ্রোচে মাটি ভরাট কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আন্ধারীঝাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হেলাডাঙ্গা শামসুলের বাড়ি হতে হাফিজুলের দোকান পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই ইউনিয়নের ৯নং ও ৪নং ওয়ার্ডে ঘাটুয়ারকুটি নদীর ঘাটপাড় হতে একতা বাজার যাওয়ার রাস্তায় কাঠের ব্রিজ নির্মাণের জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
বলদিয়া ইউনিয়নের ৬নং ও ৩নং ওয়ার্ডে উত্তর বলদিয়া জয়নালের বাড়ি হতে আব্দুল খালেক ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৮নং ও ৯নং ওয়ার্ডে দক্ষিণ বলদিয়া সোনা পাগলার বাড়ি হতে আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণেও ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
কাবিটা (গম বরাদ্দ) কর্মসূচি
নদীভাঙন ও বন্যাকবলিত এলাকার সড়ক সংস্কার ও মাটি ভরাটের জন্য চর ভুরুঙ্গামারী ইউনিয়নে মোট ৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।
২নং ও ৫নং ওয়ার্ডে ছড়ার দক্ষিণ পার্শ্বে ফরিদের বাড়ির নিকট ব্রিজের উভয় পার্শ্বে মাটি ভরাটের জন্য ৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া ১নং ও ২নং ওয়ার্ডে সামাদের ঘাট থেকে নাজিরের বাড়ি এবং সুনিলের কুড়া থেকে সামাদের ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য আরও ৪ মেট্রিক টন গম বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
কাবিটা (চাল বরাদ্দ) কর্মসূচি
বঙ্গ সোনাহাট ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোট ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
১নং ও ৯নং ওয়ার্ডে চৌধুরী বাজার হতে আসামপাড়া পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণে ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া ৬নং ও ৯নং ওয়ার্ডে রুবেলের বাড়ির পশ্চিম হতে টাংয়ারপাড়া পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ ও কালভার্ট নির্মাণে আরও ৪ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
টিআর (নগদ অর্থ) কর্মসূচি
ভুরুঙ্গামারী উপজেলায় টিআর কর্মসূচির আওতায় মোট ১২ লাখ টাকার ১০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রকল্পে ১ লাখ ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
পাথরডুবী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলা বাজার তালেবের দোকান হতে কাটিয়াপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার এবং ৫নং ওয়ার্ডে খাকিলা হুজুরের বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।
শিল্পুড়ী ইউনিয়নের ১নং ও ৪নং ওয়ার্ডে রব্বানির বাড়ি হতে বানুর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার এবং ৭নং ও ৪নং ওয়ার্ডে গুচ্ছগ্রাম কমিউনিটি ক্লিনিক হতে চর উত্তর তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজ করা হবে।
তিলাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে আজিজ মেম্বারের বাড়ির পশ্চিমে কালভার্ট নির্মাণ এবং ৮নং ও ৯নং ওয়ার্ডে আলতাফ ডাক্তারের বাড়ি হতে নূর ইসলামের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।
পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ও ৬নং ওয়ার্ডে কেলদহ মাদ্রাসা উন্নয়ন এবং ৩নং ও ৪নং ওয়ার্ডে এমপি বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে।
এছাড়া ভুরুঙ্গামারী ইউনিয়নে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের পশ্চিম দিক হতে টেকনিক্যাল কলেজ পর্যন্ত রাস্তা সিসি ঢালাই করা হবে। জয়মনিরহাট ইউনিয়নে বাজারের দুর্গা মন্দিরের অসমাপ্ত অংশ নির্মাণ কাজও এই কর্মসূচির আওতায় সম্পন্ন করা হবে।
নাগেশ্বরী উপজেলায় রাস্তা, ড্রেন ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন
নাগেশ্বরী উপজেলাতেও চাল, গম ও নগদ অর্থের মাধ্যমে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কাবিটা (চাল বরাদ্দ) কর্মসূচি
এই কর্মসূচির আওতায় মোট ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নেওয়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কাসেম ডাক্তারের মসজিদ থেকে নয়া বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
বেরুবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উত্তর চর বেরুবাড়ী মন্ডলপাড়া হামিদুলের বাড়ি থেকে মতি মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য আরও ৬ মেট্রিক টন চাল বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
কাবিটা (গম বরাদ্দ) কর্মসূচি
নারায়ণপুর ইউনিয়নের ৫নং ও ৮নং ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার প্রকল্পের জন্য মোট ১২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।
০৫নং ওয়ার্ডে কালারচর বাজার থেকে ছবির বাড়ি হয়ে বাহারের ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারে ৬ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে।
এছাড়া ০৮নং ওয়ার্ডে মোস্তফা মোল্লার বাড়ি থেকে পশ্চিম মোল্লাপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য আরও ৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।
কাবাটা (নগদ অর্থ) কর্মসূচি
নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা মেরামত ও সিসি ঢালাই কাজের জন্য মোট ১৪ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাটুয়াখানা রজব মেম্বারের বাড়ি থেকে ওয়াজ উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি করণে ৩ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে তেলিয়ানীরপাড় গাজিউর রহমানের বাড়ি থেকে মথুরহাইল্যা পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি ঢালাইয়ের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
কালীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোরানীপাড়া আঃ জলিলের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি ঢালাইয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এছাড়া নুনখাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে চর কাঁচগাড়াই বাজার থেকে জব্বার হাজীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি ঢালাইয়ের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
টিআর (নগদ অর্থ) কর্মসূচি
নাগেশ্বরীতে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং রাস্তায় ইউ-ড্রেন নির্মাণের জন্য মোট ১৮ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
ভিতরবন্দ ইউনিয়নের জোকমারী জামে মসজিদ উন্নয়ন, কেদার ইউনিয়নের ছড়ারপাড় শাহী জামে মসজিদ উন্নয়ন এবং টেপারকুটি দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ইউ-ড্রেন নির্মাণ করা হবে।
কচাকাটা ইউনিয়নের শৌলমারী এলাকায় ফকিরের বাড়ি থেকে চৌকিদারের বাড়ির পাশের রাস্তায় ইউ-ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কালীগঞ্জ ইউনিয়নের কাকুয়াবাড়ী এলাকায় মশিউরের বাড়ির সামনে ইউ-ড্রেন নির্মাণ এবং নাতেরভিটা মিনার জামে মসজিদের উন্নয়ন কাজ করা হবে।
সন্তোষপুর ইউনিয়নের হলদীকুড়ারপাড় এলাকায় জলিলের বাড়ির সামনে ইউ-ড্রেন নির্মাণ করা হবে।
নারায়ণপুর ইউনিয়নের ভেড়ামারা এলাকায় বাবুলের বাড়ির সামনে এবং সরকারপাড়ার নূরানী ও হাফেজ্জীয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে ইউ-ড্রেন নির্মাণ করা হবে।
হাসনাবাদ ইউনিয়নের কান্দুরারহাট হাফেজ্জীয়া মাদ্রাসা উন্নয়নে ২ লাখ ৪০ হাজার টাকা এবং শরিয়ত উল্লাহ জামিয়া ফারুকিয়া কওমি মাদ্রাসা উন্নয়নে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া নেওয়াশী ইউনিয়নের কবরস্থান জামে মসজিদ উন্নয়ন এবং বেরুবাড়ী ইউনিয়নের চর বেরুবাড়ী সরকারপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদ উন্নয়নের জন্যও বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বায়তুল মোকাররম জামে মসজিদ উন্নয়নে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ এমপির
প্রকল্প তালিকা অনুমোদনের পর সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসককে নির্ধারিত সময়সীমার মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ রাস্তাঘাট, সেতু, ড্রেনেজ ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলছেন, সঠিক তদারকি ও গুণগত মান নিশ্চিত করা গেলে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার যোগাযোগ ব্যবস্থা এবং আর্থ-সামাজিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
