Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম -১ আসনে এনসিপি প্রার্থী মাহফুজ কিরনের মনোনয়ন সংগ্রহ এবং উন্নয়নে ভোট প্রদানের আহ্বান

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাহফুজ কিরন ২৪ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দসহ নাগেশ্বরী, কচাকাটা ও ভূরুঙ্গামারী উপজেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহকালে মাহফুজ কিরন বলেন, নির্বাচিত হলে তিনি ভূরুঙ্গামারী– নাগেশ্বরী– কচাকাটা এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এর মধ্যে সড়ক ও সেতু উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার তাঁর প্রথম কাজ হবে।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে সার, বীজ, সেচ ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনসহ সকল কৃষি সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্কিল ট্রেনিং, কারিগরি শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায় সহায়তা কর্মসূচি চালু করা হবে।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, নদীভাঙন রোধ, বাঁধ মেরামত এবং নৌ–সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষকে নিরাপদ ও স্বাবলম্বী করা হবে।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনগণের সমস্যা দ্রুত সমাধান—এই তিনটি বিষয়কে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখবেন।

ভোটারদের উদ্দেশে মাহফুজ কিরন বলেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে পরিবর্তনের পক্ষে রায় দিয়ে নতুন নেতৃত্বকে সুযোগ দিতে হবে। আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে ইনসাফ ও ইনসানিয়াত প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

Exit mobile version