মোঃ মাইদুল ইসলাম মামুন ।। হামার কুড়িগ্রাম
পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে পরিবেশবান্ধব ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। সোমবার (৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিল পরিবেশ সচেতনতার একটি ভিন্নধর্মী উদাহরণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কলাপাতায় ইফতার পরিবেশন। প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণের পরিবর্তে প্রাকৃতিক কলাপাতায় বিভিন্ন ধরনের ইফতারের খাবার পরিবেশন করা হয়। এই উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং পরিবেশ রক্ষার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু নূর এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও কলেজের শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এ সময় গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি জাকারিয়া বলেন, ইফতার মহান সৃষ্টিকর্তার একটি বিশেষ নেয়ামত। কিন্তু বর্তমানে ইফতার পরিবেশনের ক্ষেত্রে প্লাস্টিকসহ নানা ক্ষতিকর উপকরণ ব্যবহারের কারণে পরিবেশ হুমকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষার সচেতনতা তৈরির লক্ষ্যে গ্রীন ভয়েস এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, কলাপাতায় ইফতার পরিবেশনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। সমাজের সবাইকে পরিবেশবান্ধব এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরাও এই পরিবেশবান্ধব আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

