Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদরে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল কার্ড’ চালু

ডেস্ক নিউজ

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রাম সদর উপজেলায় ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি তেল সরবরাহে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় সাধারণ জনগণকে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ওয়েব সাইট লিংক www.fuelcardkurigram.com

নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে আবেদনকারী নির্ধারিত ওয়েবসাইট থেকে ফুয়েল কার্ড ডাউনলোড করতে পারবেন ।

এছাড়া, প্রিন্ট করা ফুয়েল কার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বাক্ষরের জন্য জমা দিতে হবে। যাচাইয়ের সময় আবেদন সংক্রান্ত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

ফুয়েল কার্ড সংগ্রহের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ, কুড়িগ্রাম সদর। অফিস চলাকালীন সময়ে কার্ড সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Exit mobile version