মোঃ জাহিদ হাসান, রাজারহাট
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘীর ২০৫ বছরের পুরনো ঐতিহাসিক মেলাকে ঘিরে প্রস্তুতিমূলক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে সিন্দুরমতি পুকুরপাড় সংলগ্ন ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি মেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তা ও আয়োজক কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেলায় কোনো অবস্থাতেই পুতুল নাচ, যাত্রাপালা, সার্কাস বা লটারির নামে জুয়ার আসর বসানো যাবে না। পাশাপাশি মেলা প্রাঙ্গণকে মাদক ও অপসংস্কৃতি মুক্ত রাখার নির্দেশনা দেন। দিঘীর পবিত্রতা রক্ষায় চারপাশে ময়লা-আবর্জনা ফেলা, পশু জবাই বা বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া মেলা প্রাঙ্গণ দখলমুক্ত করে আরও প্রশস্ত করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মোঃ এইচ এম রকিব হায়দার, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)।
দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা মেলায় আগত দূর-দূরান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এবং কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা।
প্রস্তুতি সভায় স্থানীয় ইজারাদার, মন্দির ও দিঘী পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষে প্রধান অতিথি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল মেলা আয়োজনের আহ্বান জানান।

