নিউজ ডেস্ক
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গ্রিড রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় শেষে দুপুর ২টা বাজলেও কুড়িগ্রামের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
রংপুর জিএমডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী জানান,
“আমরা দুপুর ১টার মধ্যেই লাইন চালু করেছি এবং কুড়িগ্রাম অফিসকে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর-লালমনিরহাট ও রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো হয়ে যাওয়া OPGW কন্ডাক্টর পরিবর্তন এবং লালমনিরহাট সার্কিটের ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এ সময়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটে প্রায় ১২০ মেগাওয়াট এবং রংপুর শহরের লালবাগ ফিডারে প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে,
“নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি কাজ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

