ডেস্ক নিউজ
কুড়িগ্রাম পৌরসভার পুরাতন শহরের ২নং ওয়ার্ড এলাকায় ডায়াবেটিস হাসপাতালের পেছন থেকে সানরাইজ স্কুলের পেছন পর্যন্ত ড্রেনটির বেহাল অবস্থা দেখা দিয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনটি ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, পৌরসভার বেশিরভাগ ময়লা ও পানি এই ড্রেন দিয়ে চলাচল করে। কিন্তু ড্রেনটির স্ল্যাব ভেঙে পড়ে থাকায় এবং ময়লা জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজের ছোট ছোট শিক্ষার্থীরা চলাচল করে। অপরিষ্কার পরিবেশ ও জলাবদ্ধতার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন রোগের আশঙ্কা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানি অনেকের ঘরে ঢুকে পড়ে।
এলাকায় প্রায় ২০–২৫টি পরিবার বসবাস করছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত ড্রেনটি সংস্কার ও পরিষ্কার করার জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

