Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান

মোঃ মশিউর রহমান বিপুল ।। স্টাফ রিপোর্টার


দেশের সবচেয়ে বঞ্চিত জেলা হিসেবে কুড়িগ্রামকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার ঘোষণা দেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। যুবক-যুবতী, নারী-পুরুষ—সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে একটি বড় ধরনের কৃষি বিপ্লব ঘটানো হবে, যার সুফল পাবে সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, “আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না। আপনাদের ঘর থেকেই, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে।” কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা এলেই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এ সমস্যা নিরসনে স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় তিনি বলেন, “এই বাংলাদেশে আর কোনো জমিদারি ব্যবস্থা মেনে নেওয়া হবে না। এই দেশ হবে জনগণের বাংলাদেশ।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। “যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান করব। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তিনি বলেন, চারদিন আগে তার এক্স আইডি হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। একটি দল এ ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে।

জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Exit mobile version