ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
হাসপাতালের বিদ্যমান নানা সমস্যা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। বিশেষ করে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি হাসপাতাল থেকে সাধারণ মানুষ যাতে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-ফারুক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।






