Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবায় চরম নৈরাজ্য, পরিদর্শনে ক্ষুব্ধ এমপি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন। রোববার (২২ মার্চ) আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এছাড়া হাসপাতালজুড়ে সক্রিয় দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরের ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।

হাসপাতালের পরিবেশেও দেখা গেছে অব্যবস্থাপনার চিত্র। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট এবং সেবার নিম্নমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

এ বিষয়ে ড. আতিক মুজাহিদ বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হাসপাতালে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের দায়িত্বহীনতা এবং দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই পরিদর্শনের পর হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম দূর হবে এবং সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাবে।

Exit mobile version