ডেস্ক নিউজ
টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে, যেখানে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে নদীটির পানি আরও ৭ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে রয়েছে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সদরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, হাতিয়া ও চিলমারী পয়েন্টে পানি যথাক্রমে ২, ২ ও ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টেই নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সকাল ৯টায় পানি ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে। সকাল ৬টা থেকে এ পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে। সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে এবং অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেয়ে জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
