Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

ডেস্ক নিউজ

৩৬ হাজার জাল টাকাসহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সোনালী ব্যাংক রৌমারী শাখায়। এঘটনায় ম্যানেজার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা রশিদের মাধ্যমে ক্যাশে জমা দেন। এসময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকাগুলো পরীক্ষার-নিরীক্ষার জন্য মেশিনে দিলে ২৬টি এক হাজার ও ২০ টি ৫শ’ টাকার জালনোট চিহ্নিত হয়। পরে ক্যাশ অফিসার বিষয়টি ম্যানেজার আয়নাল হককে অবগত করেন।

পরে সোনালী ব্যাংক ম্যানেজার আয়নাল হক ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতোস ঘটনাস্থলে এসে টাকাসহ রেজাউলকে থানায় নিয়ে যান। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহা আলমের ছেলে বলে জানা গেছে।

রৌমারী সোনালী ব্যাংক কর্মকর্তা আয়নাল হক জানান, জালটাকার নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির নামে টিটি করছিলেন। পরে জালনোট চিহ্নিত হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, এঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

Exit mobile version