হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (৯ আগস্ট) সকালে Juvence Right’s Net-এর উদ্যোগে স্থানীয় আনহা প্রি-ক্যাডেট স্কুলে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির মোট ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনেরখামার আনহা বি-আতাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মোত্তালেব এবং সেনেরখামার ক্যাডেট স্কুলের পরিচালক মো. আনোয়ারুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে।

এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন আয়োজক ও অতিথিরা।

Exit mobile version