ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ছেলের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল ইসলাম তারেক।
জানা যায়, উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের মৃত এনছার আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।
পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তার ছেলে মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে অতিরিক্ত মাদক সেবনের পর বাচ্চু মিয়া অসংলগ্ন আচরণ শুরু করেন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পরিবারে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়।
এছাড়া, ঘটনার সময় তিনি বাড়ির সামনে দা হাতে অবস্থান করছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়, যা স্থানীয়দের মাঝেও ভীতি তৈরি করে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বাচ্চু মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম তারেক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশকে জানানো হয় এবং অভিযুক্তকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়েছে।

