
রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে একটি ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনের পাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, গত সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে শিশুটির মরদেহ সেখানে পড়ে থাকতে পারে। তবে এতদিন বিষয়টি কারও নজরে আসেনি।
প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেন, “আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন বিষয়টি দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে জানাই।”
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নবজাতকের পরিচয়, মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে মরদেহটি সেখানে এল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :