Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি বিলুপ্ত, পুনর্গঠনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার অধীনস্থ সকল উপজেলা ইউনিট কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে অধিকতর গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, ফুলবাড়ি, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় নতুন ইউনিট কমিটি গঠন করা হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করতেই এই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী, সচেতন ও দায়িত্বশীল ছাত্রছাত্রীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আগ্রহীদের নির্ধারিত তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (সিভি) উল্লেখিত 01717364790 WhatsApp নম্বরে প্রেরণের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন ও সদস্য সচিব খন্দকার আল ইমরান বলেন, “সাংগঠনিক কাঠামোকে সময়োপযোগী ও কার্যকর রাখতে এই পুনর্গঠন অপরিহার্য। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংগঠনের মূখ্য সংগঠক সাকিব মিয়া।

Exit mobile version