কুড়িগ্রামে ফ্রীতে নিজের পছন্দমতো ঈদের পোশাক নিল প্রতিবন্ধী ও অনাথ শিশুরা


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন /
কুড়িগ্রামে ফ্রীতে নিজের পছন্দমতো ঈদের পোশাক নিল প্রতিবন্ধী ও অনাথ শিশুরা

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

ঈদকে ঘিরে কুড়িগ্রামে তিন শতাধিক প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে নিজেদের পছন্দমতো পোশাক পেয়ে খুশি হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান BYO Development Foundation-এর উদ্যোগে এবং Guardian Insurance Company Limited-এর সহযোগিতায় শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে অর্ধদিবসব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেখানে বসানো হয় একটি ‘মিনি ঈদ মার্কেট’।

এই মার্কেটে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়, যেখানে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শিশুরা নিজেদের ইচ্ছেমতো পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। তারা বিভিন্ন রঙ ও সাইজের পোশাক দেখে পছন্দের কাপড়টি গায়ে দিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।

ওই এলাকার হেমেরকুটি গ্রামের দিনমজুর বদিয়তের মেয়ে ফরিদা হাসিমুখে জানায়, “আমি তিন-চারটা কাপড় দেখে নিজের পছন্দমতো একটি জামা ও পায়জামা নিয়েছি। ঈদের দিন এই পোশাকটাই পরব।”

আয়োজকরা জানান, ঈদের আনন্দ থেকে যাতে কোনো শিশু বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই প্রতিবছর এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।