মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রামে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়াসহ গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট চারটি মামলা দায়ের করা হয়।
তদন্তে পাটেশ্বরী এলাকার মেসার্স আর.আর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এছাড়া স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট, ট্রাক ওয়েব্রিজের ভেরিফিকেশন সনদ এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের মেয়াদও না থাকার প্রমাণ পাওয়া যায়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক ধারায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে নিয়ম মেনে জ্বালানি বিক্রি ও প্রয়োজনীয় সনদ দ্রুত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

