নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছোট ছোট শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও হামার কুড়িগ্রাম এর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করা হয়েছে। স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অনুচিত এবং এটি তাদের মানসিক ও শিক্ষাগত পরিবেশের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ হাফিজ বলেন, “আগেও আমরা এ ধরনের অনিয়ম দেখেছি। এখন আবার একই পথ অনুসরণ করা হচ্ছে।”
অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

