ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়ার পানিতে ডুবে হামীম মিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন-এর গোপালের খামার এলাকার চিলকির কুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামীম ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে কুড়ার পাশে খেলতে যায় হামীম। একপর্যায়ে অন্য শিশুদের অজান্তে সে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে এক ব্যক্তি গরু আনতে গিয়ে কুড়ার পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহটি উদ্ধার করে হামীম বলে শনাক্ত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”
