হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর ও পরিবহনশ্রমিকরা

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি


সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির পাশাপাশি আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, অটোরিকশাচালক ও দিনমজুরসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির কারণে কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়কে মানুষের চলাচল কমে গেছে। যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক রিকশা ও অটোরিকশাকে।

রিকশাচালক আপেল বলেন, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। রিকশা নিয়ে বসে থাকলেও যাত্রী পাওয়া যাচ্ছে না। বৃষ্টি অব্যাহত থাকলে আয়-রোজগার আরও কমে যাবে।

অটোরিকশাচালক সুজন বলেন, বৃষ্টির কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে ভাড়াও কমে গেছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও কিছু সময় থাকতে পারে।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামসহ এ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version