ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেওয়া কল্পনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ তাঁর কার্যালয়ে কল্পনা বেগমকে ১০ হাজার টাকা নগদ সহায়তা দেন।
কল্পনা বেগম (২৫) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জায়দুল হকের স্ত্রী। বর্তমানে তিনি তিন সন্তানকে নিয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন। তাঁর স্বামী বাকপ্রতিবন্ধী এবং হোটেলে দিনমজুর হিসেবে কাজ করেন।
গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কল্পনা বেগম তিন পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানদের নাম হাসান, হোসাইন ও বেল্লাল। বর্তমানে তিন নবজাতক সুস্থ থাকলেও অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ হওয়ায় কল্পনা বেগম অসুস্থ রয়েছেন।
পরিবারটির আর্থিক সংকটের কারণে কল্পনার চিকিৎসা ও তিন নবজাতকের দুধের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। কল্পনা জানান, তাঁর ওষুধের জন্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং তিন শিশুর দুধের জন্য প্রায় ৬০০ টাকা প্রয়োজন।
কল্পনা বেগম তাঁর সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
ইউএনও অমৃত দেবনাথ জানান, পরিবারটির বিষয়ে জানতে পেরে এর আগে ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল। সোমবার আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির সার্বিক পরিস্থিতির ওপর উপজেলা প্রশাসনের নজর রয়েছে।
