হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

ডেস্ক নিউজ

মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (১৩ জুন) কেন্দ্রীয়ভাবে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচি পরিচালনা করেন জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন। এ সময় তিনি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশবাসী ও শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধুমাত্র গাছ লাগানো নয়, এটি ইসলামে সাদকায়ে জারিয়াহ। এর মাধ্যমে মানুষ, পশু-পাখি ও প্রকৃতি দীর্ঘমেয়াদে উপকৃত হয়। সমাজের কল্যাণমূলক প্রতিটি কাজে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত।”

ডেইলি কুড়িগ্রাম টাইমসকে দেওয়া বক্তব্যে জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, “আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা চাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক।”

তিনি আরও বলেন, “গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি সচেতনতা, দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমরা চাই প্রতিটি রোপিত গাছ আমাদের অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটাক।”

কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Exit mobile version