Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে চাকরি মেলা অনুষ্ঠিত, চাকরি পেলেন ১২৪ জন

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম

কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি তৈরি এবং বেকারত্ব হ্রাসের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি চাকরি পেয়েছেন ১২৪ জন চাকরি প্রত্যাশী।

রবিবার কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণ করে ১০টি শিল্পপ্রতিষ্ঠান, যারা স্টলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও নিয়োগ প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হোসেন। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম, বিসিক কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেডের রিলেশনশিপ অফিসার এ কে এম আশরাফুজ্জামান, বেস্ট সুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফটস-এর ব্যবস্থাপনা পরিচালক রেগুনা বেগম, পন্ডিতবাড়ী ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান মিয়া, প্রাচী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম এবং স্টেটফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর মোঃ ফকরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, এ জব ফেয়ারের জন্য অনলাইনে ৩৫০ জন প্রার্থী নিবন্ধন করেন। সেখান থেকে ২২৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ১২৪ জনকে সরাসরি চাকরি প্রদান করা হয় এবং আরও ৩৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

মেলা ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা দেওয়া, দক্ষতা উন্নয়ন, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

Exit mobile version