Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের উপসর্গে ৮ শিশু হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ৮ জন শিশুকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জন শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ২ জন শিশু বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন শিশুদের মধ্যে খলিলগঞ্জ, নাগেশ্বরী ও উলিপুর এলাকার কয়েকজন শিশু রয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ জানান, আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইতোমধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে, আর বাকি ৬ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ২ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Exit mobile version