Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মে) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার জনগণের গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সদন বাস্তবায়নে গড়িমসি করছে। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গণভোটের ফলাফলের প্রতি সম্মান দেখায়নি এবং সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেনি। এতে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা দাবি করেন।

এসময় বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। দ্রুত পদত্যাগ না করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তারা সতর্ক করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজসহ অন্যান্য নেতাকর্মীরা।

Exit mobile version