মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসা এই লোকজ খেলাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর ঢল নামে, ফলে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় এ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন দক্ষ ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। প্রথম পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও কাশেম গ্রুপের চেয়ারম্যান তাসভীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা দেখতে আসা অষ্টম শ্রেণির ছাত্র প্রীতম বলেন, “ঘোড়দৌড় আগে শুধু টেলিভিশনে দেখেছি। বাস্তবে আজ প্রথম দেখলাম, খুবই ভালো লেগেছে।”
আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিল বলেন, “আমরা প্রতি বছর এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে থাকি। এতে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। সবাই শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে খেলা উপভোগ করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার আশা রাখি।”
প্রধান অতিথির বক্তব্যে তাসভীরুল ইসলাম বলেন, “গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় আজ প্রায় বিলুপ্তির পথে। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আয়োজক কমিটির উদ্যোগ প্রশংসার দাবিদার। শুধু ঘোড়দৌড় নয়, নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

