ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে তার প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় পরিচালিত একটি মাদকবিরোধী অভিযানে পুলিশের ঘুষ গ্রহণের ঘটনাকে আড়াল করতে কথিত “হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই” সংক্রান্ত জিআর-০৩/২৫ মামলা দায়ের করা হয়। ওই মামলায় স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার হোসেন আরিফকে গভীর রাতে থানায় তুলে নিয়ে গিয়ে আসামি করা হয় বলেও অভিযোগ করা হয়।
এছাড়া আরাজী পাইকডাঙ্গা এলাকার মসজিদের মুয়াজ্জিন তফের আলীকে অজ্ঞাত আসামি দেখিয়ে কারাগারে পাঠানো এবং বাবুরহাট এলাকার সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম হাবুর ছেলে আরিফুল ইসলামের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করার অভিযোগও তুলে ধরেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অবিলম্বে তাকে প্রত্যাহার এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
