বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনুপস্থিত, ধার করা কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শফিউল ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা অনুপস্থিত থাকায় বিকল্প কর্মকর্তা দিয়ে পরীক্ষা পরিচালনার অভিযোগ উঠেছে। কোথাও পরীক্ষা শুরুর পর মুঠোফোনে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে কর্মকর্তাদের। সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। বিষয়টিকে প্রশাসনিক উদাসীনতার নজির হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন। তিনি ছুটিতে থাকায় সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম প্রশ্নপত্র সরবরাহ করেন। পরে পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনকে ফোন করে কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ডাকা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, তিনি মূলত কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসার ছিলেন। তবে অফিসে প্রতিবন্ধী জরিপের কাজ থাকায় আগে থেকেই ছুটিতে ছিলেন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফোন করে তাকে নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনের অনুরোধ করলে তিনি সেখানে যান।

অন্যদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, তিনি ছুটিতে রয়েছেন এবং বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েই ছুটিতে গেছেন।

নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মণ্ডল বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে ছিলেন। বিকল্প কর্মকর্তা কোনো লিখিত আদেশ ছাড়াই কেন্দ্রে আসেন। তবে পরীক্ষা যাতে ব্যাহত না হয়, সেটিই ছিল তাদের প্রধান লক্ষ্য।

এদিকে নাগেশ্বরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রশিক্ষণে থাকায় সেখানে নিজেই দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাই কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন।

কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা ছুটিতে থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে কেদার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব দেন।

ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোন পেয়ে তিনি কেন্দ্রে দায়িত্ব পালন করতে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে কোনো নির্দেশ দিয়েছেন কি না, তা তিনি জানেন না।

কচাকাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় বিকল্প দুই কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে তারা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলায় পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় সহকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়, তিনিই এ দায়িত্ব দিয়েছেন।

জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন অনিয়ম অত্যন্ত দুঃখজনক। বিষয়টি প্রশাসনের উদাসীনতার পরিচয় বহন করে। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোদাদাদ হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে উপস্থিত না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মুঠোফোনে বিকল্প কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকলে তার দায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ট্যাগ কর্মকর্তা নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। মুঠোফোনে বিকল্প কর্মকর্তা দায়িত্ব দিতে পারেন কি না, সে বিষয়ে তিনিও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার এখতিয়ার বলে উল্লেখ করেন।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ২৭টি কেন্দ্রে ১২ হাজার ২১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া ১০টি আলিম কেন্দ্রে ১ হাজার ৮৯৮ জন এবং ১৩টি ভোকেশনাল ট্রেড কেন্দ্রে ৫ হাজার ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭৬ জন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]