ডেস্ক নিউজ
কুড়িগ্রাম জেলায় চলাচলকারী অটোরিকশা ও থ্রি-হুইলারে বাধ্যতামূলকভাবে দৃশ্যমান নম্বর প্লেট স্থাপন, চালকের পরিচয় সংযুক্তকরণ এবং QR কোড চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে CCTV ক্যামেরা স্থাপন করে জননিরাপত্তা জোরদারেরও দাবি উঠেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (পিআরএল) প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন।
আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৬ আগস্ট বর্ডার গার্ড পাবলিক স্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া পোস্টে সাধারণ নাগরিক ও অভিভাবকদের বিভিন্ন মন্তব্য থেকে অটোরিকশা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে পরিচিতি ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে আসে।
প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন বলেন, কোনো যানবাহনে স্পষ্ট ও দৃশ্যমান নম্বর প্লেট থাকলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট যানবাহন ও চালককে দ্রুত শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আবেদনে অটোরিকশা ও থ্রি-হুইলারের গায়ে দৃশ্যমান নম্বর, চালকের প্রয়োজনীয় পরিচয় এবং QR কোড সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। QR কোডের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন ও চালকের অনুমোদিত তথ্য সংরক্ষণ ও প্রয়োজনের সময় দ্রুত যাচাইয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন CCTV ক্যামেরা স্থাপন এবং নম্বর প্লেটবিহীন, অনুমোদনহীন বা পরিচয়বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে অটোরিকশা ও থ্রি-হুইলারের একটি সমন্বিত নিবন্ধন ও পরিচিতি ব্যবস্থা চালু করা যেতে পারে।
প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির আগামী সভায় গুরুত্বের সঙ্গে উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি মনে করেন, যানবাহনের নম্বর প্লেট ও চালকের পরিচিতি নিশ্চিত করা হলে একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট যানবাহন ও চালককে দ্রুত শনাক্ত করাও সহজ হবে।
