Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের খাইরুজ্জামালের ভারতে কারাগারে মৃত্যু : ৩৮ দিন পর মরদেহ দেশে ফেরত

নিউজ ডেস্ক

ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামাল (৪২)-এর মরদেহ দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাদ এশা নিজ গ্রাম কালুডাঙার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Exit mobile version