নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড ঘরের ভেতরে অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর ও তার স্ত্রী। তাদের তিন সন্তান পাশের ঘরে থাকায় অক্ষত থাকে। তবে মা-বাবাকে হারিয়ে মুহূর্তেই অনাথ হয়ে যায় শিশু তিনটি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একজন কন্যার বিয়ে হয়ে গেছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সরাসরি জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই প্রাণ হারান দম্পতি। সন্তানরা অক্ষত থাকলেও এ ঘটনায় পরিবারটি বিধ্বস্ত হয়ে গেছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, সন্তানদের বুকফাটা কান্না ও বাবা-মাকে হারানোর বেদনায় সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গম দ্বীপ ইউনিয়ন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ ইউনিয়নটি প্রায় ২৫-২৬টি দ্বীপচর নিয়ে গঠিত। এখানকার মানুষের জীবনযাত্রা সব সময়ই নানা দুর্ভোগের মধ্য দিয়ে কাটে।
একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সমগ্র এলাকায়।

