কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন /
কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মাঠে দর্শকদের ঢল, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ গঠনের আহ্বান

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কচাকাটা কলেজ মোড় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (২য় আসর)। বুধবার (১০ জুন) বিকেলে কচাকাটা কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ নুর ইসলাম। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।”

টুর্নামেন্টের উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তোলা ব্যাপারী। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জুয়েল। তিনি আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপন কুমার দাস। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথি মাঠে বল কিক করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।