নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে দেশের মোট ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।
দলটির ঘোষিত এই তালিকায় কুড়িগ্রাম জেলার তিনটি আসনেই মনোনয়ন পেয়েছেন নতুন ও তরুণ প্রার্থীরা।
কুড়িগ্রামের মনোনয়নপ্রাপ্তরা
কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-3: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের পর সব তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এনসিপি সূত্র জানায়, শুধু কুড়িগ্রাম নয়—দেশব্যাপী ব্যাপক আবেদন ও তৃণমূলের আগ্রহের ভিত্তিতে এ বছর মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হলেও আগ্রহ বিবেচনায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। মোট ১,৪৮৪টি মনোনয়নপত্র বিক্রি করে দলটি।
এদিকে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে এনসিপির এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিন আসনেই তরুণ ও শিক্ষিত প্রার্থী মনোনীত হওয়ায় আগামী নির্বাচনে এলাকার ভোটারদের দৃষ্টি থাকবে তাদের কার্যক্রম ও প্রচারণার দিকে।

