Site icon হামার কুড়িগ্রাম

এনটিআরসিএ’র তলবে উলিপুরের মাদ্রাসা শিক্ষিকার নিবন্ধন সনদসহ সব কাগজপত্র জমার নির্দেশ

উপজেলা প্রতিনিধি, উলিপুর উপজেলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইন্দারার পাড় বালিকা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকার শিক্ষক নিবন্ধন সনদ, নিয়োগপত্র, এমপিও শিটসহ সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জরুরি ভিত্তিতে তলব করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। একই প্রতিষ্ঠানের চারজন শিক্ষকের দায়ের করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩ শাখার সহকারী পরিচালক ড. এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ধামশ্রেণী ইন্দারার পাড় বালিকা দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা রাশেদা সুলতানার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ইবতেদায়ী শিক্ষক রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক জাবেদ আলী, নুরনবী আকন্দ ও ছাইয়েদুর রহমান এনটিআরসিএ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে এর আগেও গত ২ মার্চ একটি স্মারকপত্রের মাধ্যমে মাদ্রাসা সুপারকে শিক্ষিকা রাশেদা সুলতানার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র এবং সর্বশেষ এমপিও শিটের সত্যায়িত অনুলিপি এনটিআরসিএ কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি।

পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাদ্রাসা সুপারকে পুনরায় তাগিদ দিয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার কার্যদিবসের মধ্যেই শিক্ষিকা রাশেদা সুলতানার সংশ্লিষ্ট সব কাগজপত্রের সত্যায়িত অনুলিপি এনটিআরসিএ কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version