মোহাম্মদ দিদার আহমেদ জীবন ।। উলিপুর
কুড়িগ্রামের উলিপুরে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মহারানী স্বর্ণময়ী স্কুল ও কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, উক্ত আদেশের ওপর গণভোট এবং পরে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির প্রতি জনসমর্থন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ দাবির প্রতি চলমান জনসমর্থনকে আরও শক্তিশালী করতে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

