Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম তবকপুর ইউনিয়নের দক্ষিণ ওমানন্দ গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল জব্বার। তিনি উলিপুরের একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর পিতা বাদী হয়ে উলিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই উলিপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সোমবার (১৩ অক্টোবর) ভোরে অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে তার নিজ বাসভবন দক্ষিণ ওমানন্দ গ্রাম থেকে গ্রেফতার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, “একজন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে এমন ন্যাক্কারজনক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version