উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির এবং একটি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার এম.এ. মতিন কারিগরি ও কৃষি কলেজ চত্বরে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা কাশিম তোকান, উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রংপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে প্রায় দেড় সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।
রংপুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ জানান, ছানি, চোখের মাংস বৃদ্ধি ও নেত্রনালির সমস্যায় অপারেশন প্রয়োজন এমন ২৫০ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৫০ জন রোগী রংপুর চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নিবন্ধন করেছেন।
এদিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা এলাকায় অধ্যাপক আব্দুল হালিম সরকারের দান করা ১০ শতক জমিতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা কাশিম তোকান।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রহমান, সালমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
