শাহজাহান খন্দকার || উলিপুর
উলিপুর উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় নির্ধারণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। তিনি বলেন, রমজান মাসে কোনোভাবেই খাদ্যে ভেজাল, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এ সময় তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভেজালবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং টিম সক্রিয় রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্ন ও স্বস্তিপূর্ণ পরিবেশে রমজান পালন করতে পারেন।
এ সময় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রমজান পালনের আহ্বান জানানো হয়।

