ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আইয়ুব আলী (৫৭)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক এ দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামেরহাট বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় বাসিন্দারা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পরে জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, জনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

